রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু অবিলম্বে যুবলীগ নেতা ইমরান হত্যার সঙ্গে জড়িত জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদসহ সবাইকে গ্রেফতারের দাবি জানান। এসময় হত্যাকারীদের গ্রেফতারে ১০ দিনের আল্টিমেটাম দেন।
যুবলীগ ৩০নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইমরান আলীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে মেয়রের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেয়র বলেন, ‘আমার রক্ত থাকা পর্যন্ত আমি রংপুরের মানুষের সেবা দিয়ে যাব। রংপুরবাসী আমার মালিক। তাই তাদের জন্য কাজ করে যাব।’
তিনি আরও বলেন, ‘প্রশাসন যদি মনে করে থাকে আমি অচল হয়ে গেছি, তাহলে তারা বড় ভুল করবে।’
এতে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার, কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা, ব্যবসায়ী নেতা আরজু, ব্যবসায়ী তানভির, জেলা পরিষদ সুপার মার্কেটের সভাপতি আলতাফ হোসেন, মহানগর দোকান মালিক সমিতির সদস্য সচিব রেজাউল ইসলাম মিলন, সাবেক ছাত্রলীগ নেতা ওয়াশিমুল বারি শিমুল, শ্রমিক নেতা মাহি প্রমুখ।
এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে বিক্ষোভকারীরা জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ ও তার ভাগিনা আশরাফুল হকসহ হত্যাকারীদের গ্রেফতার করার দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করেন। সেখানে তারা প্রায় আধাঘণ্টা অবস্থান নেয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যা তদন্তের স্বার্থে এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়।
জেআই





