দ্বিতীয় দিনের মতো দুর্নীতি দমন কমিশনে (দুদক) গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

আজ (১৩ আগস্ট) বৃহস্পতিবার সকালে তিনি রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যান।

এর আগে গতকাল (বুধবার) সকালে নভেল করোনাভাইরাস মোকাবিলায় সরকারের মাস্ক-পিপিই ক্রয়ে কেলেঙ্কারির ঘটনায় জবাব দিতে দুদকে যান ডা. আবুল কালাম আজাদ।

দুটি অভিযোগ অনুসন্ধানে বক্তব্য নেওয়ার জন্য গত ০৬ আগস্ট আবুল কালাম আজাদকে তলব করেছিল দুদক। তলবের চিঠিতে আবুল কালাম আজাদকে ১২ ও ১৩ আগস্ট হাজির হতে বলা হয়।

পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বিকেল ৩টার দিকে দুদক কার্যালয় থেকে বেরিয়ে ডা. আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, “আমি সুস্পষ্টভাবে বলতে চাই, মাস্ক ক্রয়ে কেউ অপরাধ করলে তার কঠোর শাস্তি হোক এটা আমিও চাই। এবং এ বিষয়ে দুদককে তদন্তে আমি সকল সহযোগিতা করব।”

আবুল কালাম আজাদ বলেন, “সিএমএসডি কর্তৃক কোভিড সংশ্লিষ্ট ক্রয় বিষয়ে অভিযোগ ওঠায় দুদক তদন্ত করছে। সাবেক মহাপরিচালক হিসেবে আমি কী জানি তা শোনার জন্য দুদকের কর্মকর্তারা আমাকে অনুরোধ করেছিলেন। আমি যা জানি তা বিস্তারিত বলেছি।”

স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক বলেন, “আমি একজন কঠোর পরিশ্রমী, নিষ্ঠাবাদ, সৎ, দক্ষ, সফল ও মেধাবী কর্মকর্তা হিসেবে সারা জীবন কাজ করেছি।”

অপরাধীর শাস্তি দাবি করে আবুল কালাম আজাদ বলেন, “কেউ অপরাধ করলে কঠোর শাস্তি হোক তা আমি চাই। এ বিষয়ে তদন্তে আমি সব ধরনের সহযোগিতা করবো।”

এমবি