খুলনার বসুপাড়াস্থ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা ঘেরাও করে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রসহ ১১৯ জনকে গ্রেফতার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মাদ্রাসার নবীন বরণ অনুষ্ঠান চলাকালে তাদের গ্রেফতার করা হয়।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ জানান, জামায়াত-শিবিরের কর্মীরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার একটি কক্ষে গোপন বৈঠক করছিল। এ খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা মহানগর ছাত্রশিবির সভাপতি মিম মিরাজ হুসাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহাদাত হোসেন এবং জামায়াত নেতা মাওলানা মুনিরুজ্জামানও রয়েছেন। থানায় নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে গ্রেফতারকৃতরা দাবি করেছেন, সেখানে শিবিরের কোনো গোপন বৈঠক হচ্ছিল না। মাদ্রাসার নবীন বরণ অনুষ্ঠান চলছিল। সেখানে কয়েকজন অতিথি এবং বাকিরা ওই মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র। পুলিশ জোরপূর্বক ব্যানার খুলে নিয়ে তাদের গ্রেফতার করেছে।
কেএইচ





