বাগেরহাটে প্রতিপক্ষের ছোড়া গুলিতে সোহরাব মোল্লা (৪২) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা গুলিবিদ্ধ এবং দুজন আহত হয়েছেন।
গুলিবিদ্ধ সোহরাব মোল্লা গোটাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য এবং ভাটশালা গ্রামের ইদ্রিস আলী মোল্লার ছেলে।
মঙ্গলবার রাতে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের ভাটশালা গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সোহরাবকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার সকালে অস্ত্রোপচার করে সোহরাবের হাতের গুলি বের করেছে চিকিৎসকরা।
প্রতিপক্ষের বিরুদ্ধে করা মামলা তুলে না নেওয়ায় সোহরাব মোল্লার ওপর হামলা হয়েছে বলে তিনি দাবি করেছেন।
অন্য আহতরা হলেন ভাটশালা গ্রামের মুদি দোকানি ওবায়দুল শেখ এবং আতিক শেখ। এদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সোহরাব মোল্লা বলেন, ‘ভাটশালা গ্রামের মনিসহ কয়েকজন আমাকে সাত মাস আগে কুপিয়ে জখম করে। ওই সময়ে আমি ওদের বিরুদ্ধে একটি মামলা করি। সেই মামলা তুলে না নেওয়ায় মঙ্গলবার রাতে স্থানীয় ওবায়দুল নামের এক মুদি দোকানির দোকানে মনিসহ কয়েকজন অস্ত্র নিয়ে এসে আমার ওপর অতর্কিত হামলা করে। ওরা বন্দুক দিয়ে গুলি চালালে আমার বাঁ হাতের কবজিতে গুলি লাগে।’
বাগেরহাট মডেল থানার ওসি মো. তোজাম্মেল হক বলেন, অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে সোহরাব গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এএইচ





