দেশে প্রথমবারের মত চালু হচ্ছে মোবাইল ফোনের নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন (এমএনপি) সেবা।

আজ (মঙ্গলবার) বিটিআরসির সম্মেলন কক্ষে বাংলাদেশ ও স্লোভেনিয়ার যৌথ কনসোর্টিয়াম ‘ইনফোজিলিয়ান বিডি টেলিটেক’ নামের একটি প্রতিষ্ঠানকে এ সেবা প্রদানের জন্য লাইসেন্স দেয়া হয়।

আজ (মঙ্গলবার) রমনায় সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এ কথা জানান।

বর্তমানে বিশ্বের ৭২টি দেশে এমএনপি সেবা চালু আছে। ২০১৩ সালে এই সেবা দেওয়ার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেয়। প্রায় ৪ বছর পর একটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার জন্য চূড়ান্ত করা হলেও সাধারণ মানুষ এই সেবা কবে থেকে পাবে সে ব্যাপারে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে বিটিআরসির কর্মকর্তারা কিছু বলতে পারেননি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ইনফোজিলিয়ান বিডি-টেলিটেক -এর ব্যবস্থাপনা পরিচালক মাবরুর হোসেন উপস্থিত ছিলেন।

অনেক গ্রাহক নিজ অপারেটরের সেবায় সন্তুষ্ট হন না। কিন্তু নম্বর পরিবর্তন করতে হবে ভেবে অন্য অপারেটরে যেতেও চান না। এই সেবা চালু হলে নম্বর ঠিক রেখে যেকোনো অপারেটরের সেবা নেওয়া যাবে।

সূত্র জানায়, এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী একজন গ্রাহক ৩০ টাকা খরচ করে অপারেটর বদল করতে পারবে। তবে আগের অপারেটরে ফিরতে হলে তাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে। ৯০ দিন পর ওই গ্রাহক আবারও অপারেটর বদলের সুযোগ পাবেন।

লাইসেন্স প্রাপ্তির জন্য নোটিফিকেশন প্রাপ্ত ইনফোজিলিয়ান বিডি টেলিটেককে এমএনপি গাইডলাইনের শর্তানুযায়ী লাইসেন্স অ্যাকুইজিশন ফি ১০ কোটি টাকা, বাৎসরিক লাইসেন্স ফি ২৫ লক্ষ টাকা, রেভেনিউ শেয়ারিং (২য় বছর থেকে) ১৫ শতাংশ হারে, ব্যাংক গ্যারান্টি ১০ কোটি টাকা এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলে ২য় বছর থেকে বাৎসরিক নিরীক্ষাকৃত আয়ের ১ শতাংশ বিটিআরসিকে প্রদান করতে হবে।

এমবি