বাগেরহাটের মোরেলগঞ্জে মায়ের সামনে থেকে কলেজ পড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। একই পরিবারের ৫ জনকে মামলায় আসামি করে রোববার রাতে মামলাটি দায়ের করেন অপহৃত কলেজ ছাত্রীর বাবা শেখর চন্দ্র মিস্ত্রী ।
মামলার বরাত দিয়ে থানার ওসি মো. রাশেদুল আলম জানান, বৃহস্পতিবার প্রকাশ্য দিবালোকে বাগেরহাট-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিকাবাড়ি এলাকা থেকে মেয়েটিকে অপহরণ করা হয়। খুলনা পাইওনিয়ার কলেজের ২য় বর্ষের ওই ছাত্রীটি ঘটনার সময় তার মায়ের সাথে নিজ বাড়ি যাচ্ছিল।
ঘটনার ৪ দিন পরে মেয়ের বাবা বলইবুনিয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের কৃষক শেখর চন্দ্র মিস্ত্রী থানায় মামলাটি দায়ের করেছেন। এ মামলায় প্রতিবেশী ফারুক শেখ (৫৫), তার স্ত্রী ইউপি সদস্য মিনারা বেগম (৪৮), ছেলে পারভেজ, মামুন ও মাসুদ শেখকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামিও রয়েছে ৩/৪ জন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খান মাসুদ রানা জানান, মেয়েটিকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। তবে এ সম্পর্কে জানার জন্য আসামি ও ইউপি সদস্য মিনারা বেগমের মোবাইল ফোনে একাধকিবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এমই





