কারা ফটকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে লাঞ্ছিত করার ঘটনায় সাত কারারক্ষীকে প্রত্যাহার করেছে কারা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবু তালেব।

প্রত্যাহার হওয়া কারারক্ষীরা হলেন- মাসুম বিল্লাহ, সাগর, ফারুক, শহীদুল্লাহ, হিরণ, লিয়াকত ও হুসাইন।

কারাগার সূত্রে জানা যায়, বুধবার বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলু পাটোয়ারী কয়েকজন হাজতীর সঙ্গে দেখা করতে যশোর কেন্দ্রীয় কারাগারে যান।

এ সময় কারাগারের মূল ফটকে দায়িত্বরত কারারক্ষীদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে লাঞ্ছিত করা হয়। কারাগারের উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানার পর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত কারারক্ষীকে প্রত্যাহারের নির্দেশ দেয়।

বিষয়টি তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ডেপুটি জেলার শহীদ হাসান আলীকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।–বাসস


এমএনজে