জেলার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের গোয়াখালী টেকপাড়ায় সশস্ত্র ডাকাতির সময় একজনকে গুলি করে হত্যা করে ডাকাতরা।

ডাকাতির সময় গ্রামবাসীরা প্রতিরোধ করতে গেলে ডাকাতের গুলিতে গ্রামবাসীদেরে মধ্যে আবদুল খালেক (২৮) নামের এক মাচ ব্যবসায়ী ঘটনাস্থলে মারা গেছেন। শনিবার দিবাগত রাত আড়াইটায় এ ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী জানায়, রাত আড়াইটার দিকে ৬/৭ জনের মুখোশ পরা সশস্ত্র ডাকাত দল টেকপাড়ার নূর আহমদের ছেলে আবুল কাশের বাড়ীতে হানা দেয়। ডাকাত দল ওই বাড়ীতে ঢুকলে আবুল কাশেম বাঁধা দেয়। এক পর্যায়ে আবুল কাশেম ঘরের বাইরে দৌঁড়ে গিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার দেন। এতে গ্রামের লোকজন জড়ো হয়ে ডাকাত দলকে প্রতিরোধের চেষ্টা করে।

এসময় সশস্ত্র ডাকাত দলের গুলিতে গ্রামবাসী আবদুল খালেক ঘটনাস্থলে মারা যায়।

নিহত আবদুল খালেকের স্ত্রী রোজিনা বেগম জানান, তার স্বামীর বুকে ডাকাতদল খুব কাছে থেকে গুলি করেছে। গুলি লেগে খালেক প্রথমে পাশের খালে পড়ে যায়। পরে রাস্তায় উঠেই মারা যায়। আবদুল খালেক এক মেয়ে সন্তানের জনক।

পেকুয়া থানার পুলিশ এক ঘন্টা পর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, লাশের ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

এলাকাবাসী জানায়, দুইদিন আগেও ওই এলাকায় ডাকাত দল হানা দিয়েছিল। কিন্তু গ্রামবাসীর প্রতিরোধে ডাকাতি করতে পারেনি। এবারও গ্রামবাসীর প্রতিরোধের মূখে ডাকাত দল পালিয়ে গেলেও নিরীহ গ্রামবাসী যুবক আবদুল খালেককে জীবন দিতে হয়েছে। নিহত আবদুল খালেক মৎসীজীবী ছিলেন বলে জানা গেছে।

ইআর