বঙ্গোপসাগের জলদস্যুদের হাতে জিম্মি থাকা তিন জন মাঝিকে উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড এবং সন্দ্বীপ থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে রোববার সকাল ৮টার দিকে সন্দ্বীপের উড়িরচর চ্যানেল থেকে তাদেরকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া তিন মাঝি হলেন, নবাব আলী (৪০), মফিজ (৪১) এবং তোফাজ্জল হোসেন (৫০)।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার তিনটি ট্রলারসহ তিন মাঝিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া ও সাংগু গ্যাস ফিল্ড চ্যানেল থেকে অপহরণ করে জলদস্যুরা।
এ সময় তিনটি ট্রলারে আরও জেলে এবং মাঝিমাল্লারা থাকলেও তাদের ছেড়ে দেয়া হয়। ছাড়া পাওয়া মাঝিরা বিষয়টি সন্দ্বীপ থানা পুলিশ এবং কোস্টগার্ডকে অবহিত করেন।
এরপর শুক্রবার রাত থেকে বঙ্গোপসাগরে ট্রলারসহ তিন মাঝিকে উদ্ধারে অভিযানে নামে কোস্টগার্ড ও পুলিশ। পরদিন শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনটি ট্রলার সন্দ্বীপের উড়িরচরে পাওয়া যায়। ট্রলারগুলো হচ্ছে, এফভি রাসেল, এফভি সামীর এবং এফভি নাসরিন।
কোস্টগার্ডের পূর্ব জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার আশিক মাহমুদ বলেন, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাঝিদের নিয়ে আরেকটি বড় নৌকায় করে ডাকাতরা চলে যায়।
ঢাকা, ২৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





