যশোরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। যশোর কোতোয়ালি থানা পুলিশ তাদেরকে শহরতলীর বিরামপুর থেকে আটক করা হয়। গ্রেপ্তার বাবা নুর ইসলাম ওরফে খোকা ও তার ছেলে বিল্লাল হোসেন।

ওই কলেজছাত্রী বাদী হয়ে মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানায় অভিযোগ করেন। বুধবার দুপুরে এটি নিয়মিত মামলা হিসেবে থানায় রেকর্ড হয়।

মামলায় আসামি করা হয় নুর ইসলাম ওরফে খোকা এবং তার দুই ছেলে হেলাল হোসেন ও বিল্লাল হোসেনকে।

কলেজছাত্রীর অভিযোগ, হেলাল হোসেনের সঙ্গে দুই বছর ধরে তার প্রেম ছিল। বিয়ের প্রলোভন দিয়ে হেলাল তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। সর্বশেষ গত ১৩ এপ্রিল তার শয়নকক্ষে দৈহিক মিলনে লিপ্ত হন হেলাল। কিন্তু হেলাল প্রতিশ্রুতি ভঙ্গ করে তাকে বিয়ে করতে অস্বীকার করেন।

ছাত্রীর অভিযোগ, হেলালের এই অপকর্মের সহযোগিতা করেন তার বাবা নুর ইসলাম ও ভাই বিল্লাল।

তবে বিল্লাল হোসেন দাবি করেন, ধর্ষণ মামলাটি সাজানো নাটক। হেলালের সঙ্গে ওই ছাত্রীর প্রেমজ সম্পর্ক ছিল অনেক আগে। হেলাল অন্য মেয়েকে বিয়ে করায় তার নামে মিথ্যা ধর্ষণ মামলা দিয়েছে।

এ ব্যাপারে কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার মোকাদ্দেস হোসেন বলেন, ধর্ষণে অভিযুক্ত মূল ব্যক্তিকে ধরা না গেলেও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন বলেন, অভিযুক্ত হেলালের বাবা নুর হোসেন শালিস করতে গিয়ে ফেঁসেছেন। ধর্ষণের ঘটনায় কোনো ধরনের শালিস বা আপস-মীমাংসা করা যাবে না বলে উচ্চ আদালতের নির্দেশনা আছে।

এমই