ঢাকার ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াইহাজার মিটার অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার সারাদিনব্যাপী এ যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেড।
অভিযানে ডেমরা থানায় প্রায় পাঁচহাজার ফুট অবৈধ গ্যাস লাইন এবং ৮০০ বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ডেমরা থানার তাম্বুরাবাদ-নলছাটা এলাকায় প্রায় একহাজার ফুট, খলাপাড়া এলাকায় প্রায় দুইশত ফুট এবং দুর্গাপুর এলাকায় তিনহাজার আটশত ফুট অবৈধ সংযোগকৃত গ্যাসের পাইপ উচ্ছেদ ও জব্দ করা হয়।
বুধবার সকাল দশটা হতে বিকাল পাঁচ টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
অভিযান পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, অভিযান এলাকায় তিনটি স্পটে প্রায় ৮০০ ঘরবাড়ি, দোকানপাট, কারখানায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও গ্যাস সঞ্চালনের অবৈধ পাইপ, মালামাল জব্দ করা হয়। অবৈধ গ্যাস লাইন ব্যবহারকারীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার নির্দেশ দেয়া হয়েছে। জেলা প্রশাসক, ঢাকার নির্দেশে ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাসের এ অভিযান ঢাকা শহরের সর্বত্র নিয়মিত পরিচালিত হবে। ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন এর যৌথ একটি দল উচ্ছেদ অভিযান পরিচালনা নিয়মিত পর্যবেক্ষণ ও মনিটরিং করে আসছে।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ঢাকা মেট্রো-২ শাখার ব্যাবস্থাপক খালেদ মাকসুদ, এরশাদ মাহমুদ, রকিবুদ্দিন সরদার, সুরঞ্জিত কুমার দে, উপব্যাবস্থাপক মোস্তাক আহমেদ ডেমরা থানার এসআই মো. সেলিম ও তিতাস গ্যাস এর অন্যান্য ৫০ জন কর্মকর্তা ও কর্মচারী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ডেমরা থানার মোট ৩০ জন পুলিশ সদস্যের একটি দল অভিযানে দায়িত্ব পালন করে। অভিযান পরিচালনাকালে স্থানীয় নেতৃবৃন্দ, সংবাদমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এমই





