ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সায়েদুর রহমান (১৭) নামে এক ইজিবাইক চালকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সিংগাইর ও নবাবগঞ্জ থানার সীমান্তবর্তী খতিয়া-নিলাম্বরপট্টি এলাকার পাট ক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
সায়েদুর রহমান উপজেলার কৈলাইল গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে বলে জানা গেছে।
আটক ব্যক্তিরা হলেন- আরিফ, শহীদ, রানা এবং জাহিদুল। তারা সবাই কৈলাইল ইউনিয়নের বাসিন্দা।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার আহমেদ জানান, মঙ্গলবার দুপুরে খাবার খেয়ে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় সায়েদুর। এরপর আর সে বাড়ি ফিরেনি। স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করলেও ইজিবাইকসহ তার সন্ধান মিলেনি।
এরপর স্থানীয়রা বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ জেলার সিংগাইর মুক্তা মিতু এন্টারপ্রাইজ নামে একটি গাড়ির গ্যারেজে ইজিবাইকটি দেখতে পায়। পরে ওই গ্যারেজের মালিককে জিজ্ঞাসাবাদ করলে নবাবগঞ্জ থানার কৈলাইল গ্রামের আরিফ, শহীদ, রানা এবং জাহিদুল নামে ৪ যুবক তার কাছে গাড়িটি বিক্রি করেছে বলে জানান।
এ সময় এলাকাবাসী ওই যুবকদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাদের দেওয়া তথ্য মতে ঘটনাস্থল থেকে সায়েদুরের মৃতদেহ উদ্ধার করে।
নবাবগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেএইচ





