পাবনার ভাঙ্গুড়ায় ইয়াবা বেচা-কেনার সময় পুলিশ কনস্টেবল গোলাম সরওয়ার সহ ৩ জনকে আটক করেছেন পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ভাঙ্গুড়া মহিলা কলেজ গেটের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩শ’পিচ ইয়াবা ট্যাবলেট।
আটককৃতরা হলো- ভাঙ্গুড়া খাদ্য অধিদপ্তরের অফিস সহকারি ইদ্রিস আলীর ছেলে রাজশাহীর যুগীপাড়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল গোলাম সরওয়ার (৩৫), রাজশাহী বাঘমারা উপজেলার বাসিন্দা শুভ (১৮) ও রাজশাহী তানোর উপজেলার বাসিন্দা তরিকুল ইসলাম (২৬)।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু জাফর জানান, কয়েকজন যুবক মঙ্গলবার রাত দশটার দিকে ভাঙ্গুড়া মহিলা কলেজের সামনে ইয়াবা কেনাবেচা করছেন-এমন খবর জানতে পেরে তিনজনকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক ও ৩শ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃতদের মধ্যে গোলাম সরওয়ার রাজশাহীর যুগীপাড়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি ঢাকা বিভাগে বদলী হয়েছেন।
এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আটক তিনজনকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমই





