পিরোজপুরের স্বরূপকাঠির সন্ধ্যা নদীতে একটি ফিশিং ট্রলার থেকে ২ হাজার ৮৯০ পিস ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় ফেন্সিডিলসহ তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হল, ট্রলার চালক নুরুল ইসলাম, মো. আব্দুর রশিদ ও মো. ফারুক হাওলাদার। একজন নদী সাঁতরে পালিয়ে যায়। এদের সবার বাড়ি খুলনার লবণচোরা ও চাঁদমারী এলাকায়।

শনিবার দুপুরে পিরোজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরূপকাঠি থানার সেকেন্ড অফিসার এস আই খান মো. মোতালেব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় তিনি এস আই মামুনসহ চারজনের একটি টহল দল সন্ধ্যা নদীর কামারকাঠিতে একটি ইঞ্জিনচালিত ফিশিং ট্রলার আসতে দেখে থামার নির্দেশ দেন। কিন্তু ট্রলারটি দ্রুত পালানোর সময় তিনি তাদের ট্রলার নিয়ে ধরে ফেলেন। এ সময় ট্রলারের একজন নদী সাঁতরে পালিয়ে গেলেও বাকি তিনজনকে আটক করেন তারা। পরে ট্রলার থেকে ২ হাজার ৮৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাব বলেন, মাদক ব্যবসায়ীদের একটি গ্রুপ খুলনা থেকে ফেন্সিডিলের চালানটি নদীপথে বরিশালে নিয়ে যাচ্ছিল। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে মাদকের এ বৃহৎ চালানটি আসতে পারে বলে তাদের ধারণা।

কেএইচ