পটুয়াখালীর দশমিনা উপজেলায় ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় নুর ও তার সঙ্গী ইব্রাহীম প্যাদা আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ বুধবার দুপুর পৌনে ২টার দিকে পুয়াখালীর গলাচিপার সীমান্ত এলাকা রনগোপালদী ব্রিজের ওপর এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের নিজ বাড়িতে ঈদুল আজহা উদযাপন করেন ভিপি নুর। আজ দশমিনা উপজেলার এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। উলানিয়াবাজার থেকে মোটরসাইকেলে করে যাওয়ার পথে কিছু দুষ্কৃতকারী ভিপি নুরের মোটরসাইকেল আটক করে।
স্থানীয়দের ধারণা, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা ভিপি নুরের ওপর এ হামলা চালিয়েছে।
এ সময় তাকে একটি স্টিলের দোকানে নিয়ে বেধড়ক মারধর করে। খবর পেয়ে পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ সদস্যরা এসে তাকে উদ্ধার করে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
হামলার সময় নুরের সঙ্গে ছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাহিম। তিনি গণমাধ্যমকে জানান, হামলার একপর্যায়ে নুরকে ওই দোকানে প্রথমে অবরুদ্ধ করে রাখা হয়।
খবর পেয়ে পটুয়াখালীর সার্কেল এসপি মু. হাফিজুর রহমান ও গলাচিপা থানার ওসি আকতার হোসেন তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
অন্যদিকে ফেসবুক লাইভে এসে নুরের ওপর হামলার অভিযোগ জানিয়েছেন কোটা আন্দোলনের নেতা রাশেদ খান। তিনি জানান, কয়েকজনকে সঙ্গে নিয়ে ঈদের দাওয়াতে যাওয়ার সময় রড নিয়ে নুরের ওপর হামলা চালানো হয়েছে। বর্তমানে নুরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
এ সময় স্থানীয় সাংবাদিক ও পুলিশ প্রশাসনের সহযোগীতা কামনা করেন তিনি। তবে এবিষয়ে দশমিনা থানার ওসি এসএম জালাল উদ্দিন সমকালকে জানান, এ ধরনের কোন ঘটনাই ঘটেনি।
এএস





