সংখ্যালঘুদের ওপর হামলার ব্যাপারে সরকার খুব কঠোর অবস্থানে রয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ ঘটনার সাথে জড়িত মন্ত্রী, এমপি দলীয় নেতা যেই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না। আগে দেখা হবে তার অপরাধটা কি।
বুধবার দেড়টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে বিশাল জনসভায় যোগ দেয়ার আগে সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি কারফিউ গণতন্ত্রের ভেতর দিয়ে ক্ষমতায় এসেছিল। সুতরাং তাদের দলের ভেতরই গণতন্ত্র নেই, তারা মিথ্যাচারের উপর ভর করে এখন রাজনীতি করছে। তারা সহিংসতার পথ বেছে নিয়ে গণতন্ত্রের সাথে তামাশা করছে।
এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, পাট ও বস্ত্রমন্ত্রী মির্জা আযম, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, পৌর মেয়র আনোয়ার আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর বিকেলে মন্ত্রী কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
সবুজ/জারিফ





