রাজধানীতে পৃথক ঘটনায় দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর গাবতলী ও বিমানবন্দর এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত একজনের নাম পাওয়া গেছে। তিনি হলেন আমজাদ হোসেন (৫০)। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

রাজধানীর গাবতলী গরুর হাটসংলগ্ন ব্রিজের কাছ থেকে আমজাদ হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।

দারুসসালাম থানার এসআই বিশ্বজিৎ পাল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গরুর হাটসংলগ্ন ব্রিজের ঢাল এলাকায় ট্রাকের ধাক্কায় আমজাদ হোসেনের মৃত্যু হয়। এঘটনায় দুটি গরুও মারা যায়। তিনি বাড্ডা এলাকায় থাকতেন বলে জানা গেছে। বাড্ডা থেকে গরু নিয়ে হাটে এসেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

অন্যদিকে রাজধানীর বিমানবন্দর থানাধীন কাউলা বাসস্ট্যান্ডের কাছে একটি প্রাইভেটকার চাপায় অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

বিমানবন্দর থানার এসআই মেহেদী হাসান জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে কাউলা এলাকায় প্রাইভেটকার চাপায় অজ্ঞাতনামা ওই যুবকের মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য সকালে ঢামেক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এমকে