পাহাড়ী ঢল ও প্রবল বর্ষণে বন্যা দেখা দিয়েছে ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়ায়। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে বন্যা কবলিত এলাকার মানুষ। তারা অপেক্ষায় আছেন সরকারি সহযোগিতার জন্য। তবে এখন পর্যন্ত বন্যার্তরা কোনো ধরনের সাহায্য সহযোগিতা পায়নি বলে অভিযোগ রয়েছে।

মঙ্গলবার পর্যন্ত ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন, ঘোষগাঁও ইউনিয়ন, গামারিতলা ইউনিয়নের ৫ হাজার মানুষ পানিবন্ধী অবস্থায় রয়েছে। ফসলি জমি, বাড়িঘর পানিতে তলিয়ে গেছে।

বন্যার কথা স্বীকার করে ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল হক বলেছেন, সোমবার বিকাল পর্যন্ত ৪ হাজার লোক পানিবন্ধী অবস্থায় রয়েছে বলে জেলা প্রশাসনকে অবহিত করেছেন।

আজও পানি বৃদ্ধি পেয়ে নতুন এলাকায় প্লাবিত হয়েছে। সরকারিভাবে কোনো সাহায্য প্রদান করা হয়নি। এদিকে জেলার হালুয়াঘাটে ও গৌরিপুরে বৃষ্টির পানিতে নিম্নাঞ্চল পানিতে তলিয়ে ফসলের ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর