বিদ্যমান জাতীয় পরিচয়পত্রে স্বামী-স্ত্রীর নাম উল্লেখ থাকলেও উন্নত মানের ইলেক্ট্রনিক কার্ডের (স্মার্টকার্ড) উপরের অংশে স্বামী-স্ত্রীর নাম থাকছে না। তবে কার্ডের মাইক্রোচিপে ভোটারের এই তথ্য দেয়া থাকবে।

গত ১৯ জানুয়ারি অনুষ্ঠিত কমিশন বৈঠকে স্বামী-স্ত্রীর নাম বাদ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়া স্মার্টকার্ডের খসড়া ডিজাইনে কিছুটা পরিবর্তন আনা হয়। একই সঙ্গে চূড়ান্ত নমুনা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিধিমালা-২০১৪ সংশোধনের তাগিদ দেয় কমিশিন।

ইসি সূত্র বাং এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আসন্ন স্বাধীনতা দিবসে (২৬শে মার্চ) থেকে স্মার্টকার্ড বিতরণ শুরু করবে ইসি। সে লক্ষ্যে একটি খসড়া ডিজাইনও প্রস্তুত করেছে। ডিজাইনকৃত স্মার্টকার্ডটি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন কমিশনে উত্থাপন করলে ভোটারের স্বামী-স্ত্রীর নাম বাদসহ প্রস্তাবিত ডিজাইনে তথ্য অন্তর্ভুক্ত এবং তথ্যাবলীর ক্রমপুনর্বিন্যাস করতে নির্দেশ দেয় ইসি।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, ‘স্মার্টকার্ডের উপরে অংশে স্বামী-স্ত্রীর নাম রাখা হচ্ছে না। তবে কার্ডের ইন্টারনাল মেমোরিতে ভোটারের যাবতীয় তথ্য দেয়া থাকবে।’

ইসি জানায়, ইতোমধ্যে স্মার্টকার্ড প্রস্তুত ও বিতরণের জন্য ফরাসি কোম্পানি অবারথু টেকনোলজির (oberthur technology) সঙ্গে নির্বাচন কমিশনের চুক্তি স্বাক্ষরও হয়েছে। কোম্পানিটি ৯ কোটি স্মার্টকার্ড প্রস্তুত ও বিতরণ করবে। ৭৯৬ কোটি ২৬ লাখ টাকা মূল্যের এই চুক্তির মেয়াদ ধরা হয়েছে ২০১৬ সালের জুন পর্যন্ত। জুনের মধ্যেই ৯ কোটি ভোটারেদের হাতে স্মার্টকার্ড তুলে দিতে চায় ইসি।

জেআই