সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে চেয়ারম্যানের ছোট ভাই গুলিবিদ্ধসহ চার জন আহত হয়েছেন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুম্বা পাটোয়ারি বাজারস্থ ইউপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান স্বপনের ছোট ভাই আলাউদ্দিন (৩৬), স্থানীয় মো. আক্কাছ (৬০), বেলাল হোসেন (৪০) ও মো. ইউসুফ (২৮)। আহতের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকে চেয়ারম্যান শাহজাহান স্বপন তার কার্যালয়ে দাপ্তরিক কাজের পাশাপাশি এলাকার লোকজনের সঙ্গে কথা বলছিলেন। দুপুরে একদল অস্ত্রধারী সন্ত্রাসী ইউপি কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় চেয়ারম্যান কার্যালয়ের ভেতরের একটি কক্ষে আত্মগোপন করেন।
পরে সন্ত্রাসীরা চেয়ারম্যানকে খোঁজাখুজি করে না পেয়ে তার ছোট ভাই ও যুবদলকর্মী আলাউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুলি করে। আলাউদ্দিনকে রক্ষা করতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা আক্কাছ, বেলাল ও ইউসুফকেও পিটিয়ে জখম করে।
এ ব্যাপারে চেয়ারম্যান শাহজাহান স্বপন জানান, এলাকায় চুরি ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় কয়েকদিন আগে ইউপি কার্যালয়ে এক বৈঠকে স্থানীয়রা সুমন, ইসমাঈল ও বাচ্চুসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করে। পরে তাদের মৌখিকভাবে সর্তক করে দেয়া হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময়ে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এর সূত্র ধরে দুপুরে সন্ত্রাসী সুমন, ইসমাঈল ও বাচ্চুর নেতৃত্বে ১৪-১৫ জন সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায় বলে জানান চেয়ারম্যান শাহজাহান স্বপন।
নোয়াখালী মেডিলকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদ উদ্দিন জানান, আলাউদ্দিনের ডান পায়ের হাঁটুর নিছের অংশে গুলি লেগেছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেআই





