দুটি বাড়িতে হানা দিয়ে নগদ টাকাসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে একদল ডাকাত। রোববার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতের বোমা ও মারধরে আহত হয়েছেন তিনজন। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, রাত আড়াইটার দিকে আমঝুপি গ্রামের উত্তরপাড়ার কুয়েত প্রবাসী এনামুল হকের বাড়িতে হানা দেয় একদল সশস্ত্র ডাকাত। অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুটে নেয় তারা। এরপর এনামুলের প্রতিবেশী হাশেম আলীর বাড়িতে একই কায়দায় ডাকাতি করে।

এ সময় বাধা দেওয়ায় হাশেম আলীর ছেলে তুহিন ও নাহিদকে বেধড়ক মারপিট করে আহত করে ডাকাতরা। খবর পেয়ে গ্রামবাসী প্রতিরোধ গড়ে তুললে ডাকাত দলের সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েকটি বোমা নিক্ষেপ করে। বিকট শব্দে তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। বোমার আঘাতে আহত হন হাশেম আলীর প্রতিবেশী আযম আলী।

ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে আহত আযম আলী, নাহিদ ও তুহিনকে রাতেই মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার করা হয়েছে।

জেএ