টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। রোববার দিবাগত রাত থেকে মহাসড়কে এ যানজট শুরু হয়েছে।
আজ মঙ্গলবার মহাসড়কের বিভিন্ন স্থানে গিয়ে দেখা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা মোড় থেকে টাঙ্গাইলের এলেঙ্গা ৬০ কিলোমিটার রাস্তা পর্যন্ত যানজটে স্থবির। এসব কারণে যাত্রীদের কোনো নিরাপত্তা নেই। যানজটের ফলে এ মহাসড়কে বাড়ছে চুরি, ডাকাতি ও ছিনতাই।
প্রশাসনের অব্যবস্থাপনার কারণে চন্দ্রা এলাকায় রাজধানীতে যাওয়ার প্রবেশধার চন্দ্র-নবীনগর-ঢাকা রোড ও চন্দ্রা-গাজীপুর রোডে যানবাহন ঢুকতে না পারায় যানজটের অন্যতম কারণ বলে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ জানিয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু যানজট মুক্ত রাখার দাবি জানিয়ে এবং বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি একটি প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন অধিদফতরে জমা দিয়েছেন।
সড়ক ও জনপথ বিভাগ এবং ফোরলেন কাজে নিয়োজিত ২টি কোম্পানি ঠিকমত কাজ না করলে ঈদের আগে এ যানজট আরো বাড়বে বলে তিনি আশঙ্কা করছেন।
এমবি





