ধাওয়া পাল্টা ধাওয়া, কর্তব্যরত সাংবাদিকদের লাঞ্চিত করাসহ বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে গুইমারা উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রবল বৃষ্টিপাতকে উপেক্ষা করে সোমবার সকাল ৮টা থেকে গুইমারা উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তবে বৃষ্টিপাতের কারণে ভোটার উপস্থিতি ছিলো কম। বেলা ১১টার দিকে বৃষ্টি কমলে গুইমারা উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পেতে থাকে।
বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুত্রে জানা গেছে, দুপুর নির্বাচনে ৬০% এর ভোট কাস্ট হয়েছে। সকাল ১১টার দিকে উপজেলা সদরের ২নং ভোট গ্রহন কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া যায়।
৪নং ওয়ার্ডের ১১৪ নং ভোটার ক্যাসাই মার্মাসহ শামছুন্নাহার স্বামী আবুল হোসেন নিজের ভোট দিতে পারেনি অভিযোগ করে বলেন, পোলিং অফিসাররা কৌশলে আমাদের হাতে অমুছনীয় কালি লাগিয়ে ভোট দেয়া হয়ে গেছে জানিয়ে বাড়ি ফিরে যেতে বলেন।
এ ছাড়াও বেলা সোয়া ২টার দিকে জালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় নৌকা প্রতীক সমর্থিতরা ধানের শীষ প্রতীক সমর্থিতদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেছে বিএনপি। হামলায় আরমান মেম্বার (২৮) কাউসার (১৮),বেলাল (৩০),আনোয়ার (২৫). সাইদুর (২৬).ডালিম (৩৩). সাহাব উদ্দিনসহ আরও অনেকে আহত হন।
এ বিষয়ে আওয়ামীলীগের পক্ষ থেকে জানানো হয় হামলার সাথে নৌকা প্রতীক সমর্থকদের কোন সম্পর্ক নেই। মিথ্যা অভিযোগে আমাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে।
জালিয়াপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার জানান, ২/৩ জন ছেলে এসে জাল ভোট দেওয়ার চেষ্টা চালায়, পরে তাদের সাথে এসে যোগ দেয় আরো ৩০/৩৫ জন ছেলে। পরে আইন শৃংখলা বাহিনীর তৎপরতায় তারা ভোট কেন্দ্র থেকে সরে যেতে বাধ্য হয়। এ ছাড়াও তৈকর্মা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস মার্কা সমর্থিত ৪ উপজাতীয় যুবককে প্রিজাইডিং অফিসারের রুমে আটক করে রাখা হয়।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রামগড় উপজেলা নির্বাহী অফিসার আল মামুন বলেন, সাময়িকভাবে আটককৃতদের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। প্রয়োজনে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। বেলা ৩.৩০ মিনিটে বড়পিলাক জুনিয়র হাই স্কুল কেন্দ্রে নৌকা প্রতীকের সমর্থকরা কর্তব্যরত সাংবাদিকদের লাঞ্চিত করে এবং ক্যামেরা ও তাদের ব্যবহৃত মোটর সাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এ দিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন সুষ্ঠ ও অবাধ ভাবে সম্পন্ন হয়েছে। সহকারী রির্টারনিং অফিসার ও গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান জানান, সুষ্ঠ ও সুন্দর নির্বাচন উপহার দিতে নির্বাচনী মাঠে স্টাইকিং ফোর্স হিসেবে তিন স্তরের নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করে।
ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি বিজিবি, র্যাবের বিশেষ টিম, পুলিশের ষ্টাইকিং ফোর্স ও ৭টি মোবাইল টিমসহ আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করে। এছাড়া প্রতিটি কেন্দ্রে ১জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্বে নিয়োজিত ছিলেন। প্রত্যন্ত এলাকায় সেনাটহল দিতে দেখা যায়। ১৪টি ভোট কেন্দ্রের ৯৮টি বুথে ২৭হাজার ৯৯২জন ভোটার সংখ্যা। তার মধ্যে পুরুষ ভোটার ১৪হাজার ৩৬৭ জন, ও মহিলা ভোটার
১৩হাজার ৬২৫ জন।
আবুবকর/জারিফ





