মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ট্রাকচাপায় দুই পল্লী বিদ্যুতের কর্মকর্তা নিহত হয়েছেন। ভাড়াউড়া বাগান এলাকা থেকে মৌলভীবাজার পল্লী বিদ্যুতের প্রধান কার্যালয়ে আসার সময় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পল্লী বিদ্যুৎ মৌলভীবাজার সদর দপ্তরের কারিগরি শাখায় সদ্য যোগদানকারী উপসহকারী প্রকৌশলী মো: হাবিব (৩৮) এবং অপরজন ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুতের ডাটা এন্টি অপারেটর শরীফুল ইসলাম (৩৫)। তাৎক্ষনিক তাদের বাড়ির ঠিকানা পাওয়া যায়নি।
পুলিশ ও পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার সময় ভাড়াউড়া বাগান এলাকা থেকে মৌলভীবাজার পল্লী বিদ্যুতের প্রধান কার্যালয়ে ফিরছিলেন তারা। পথে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে আসার সঙ্গে সঙ্গেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এমকে





