মাদ্রাসার প্রধান শিক্ষকের ছেলে নয়ন আলী (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ করেছিলো বলে দাবি করছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

সাভারের তেতুল ঝোড়ার বটতলা এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে অপহৃত নয়নকে উদ্ধারের ব্যাপারে র‌্যাব-৪ কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদিক সম্মেলনে সিও এডিশনাল ডিআইজি লুৎফুল কবির এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের তেতুল ঝোড়ার বটতলা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার এবং ৫ অপহরণকারীকে গ্রেফতার করে র‌্যাব-৪ এর একটি দল।

গ্রেফতাররা হলেন- নোমান হোসেন জামিল (১৯), সহযোগী মো. সেলিম (১৮), সাকিব হোসেন (১৮), লম্বা সেলিম (২০) ও রাজীব হোসেন পলাশ (২৪)।

এডিশনাল ডিআইজি বলেন, অপহৃত নয়ন যে মাদ্রাসায় পড়ত সে মাদ্রাসার প্রধান শিক্ষক হাবিবুর রহমানের ছেলে নোমান। সে গত ১৪ জুলাই দুপুরে বাসা থেকে ডেকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে হেমায়েতপুরের একটি বাসায় নয়নকে রাখে। পরে নোমানের সহযোগীরা নয়নেকে হাত-পা বেঁধে মারধর করে।

এডিশনাল ডিআইজি আরও বলেন, নয়ন সাভারের রাজফুলবাড়িয়ার খাতরাপাড়া মাদ্রাসার ছাত্র। তার বাবা জাহাঙ্গীর আলম সৌদি প্রবাসী। সে কলমা এলাকায় মায়ের সঙ্গে থাকত। অপহরণকারীরা নয়নের মার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর নয়নের মা টাকা জোগাড় করার জন্য কয়েকদিনের সময় নিয়ে সাভার থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) এবং র‌্যাবে লিখিত অভিযোগ দেন।

এর প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতার করা হয় বলে জানান লুৎফুল কবির।

এমআর/কেএইচ