পদ্মা সেতুতে যুক্ত হচ্ছে আরও একটি স্প্যান। সেতুর নবম স্প্যান বসতে যাচ্ছে আজ বৃহস্পতিবার।
সবকিছু ঠিক থাকলে সকাল ১১ টার মধ্যে বসে যাবে পদ্মা সেতুর নবম স্প্যান ও জাজিরা প্রান্তের ৮ম স্প্যান।
এরই মধ্য দিয়ে সেতুর জাজিরা অংশে দৃশ্যমান হবে ১২০০ মিটার আর মাওয়া প্রান্তে দৃশ্যমান রয়েছে আরও ১৫০ মিটার। মাওয়া প্রান্তের ৫ ও ৪ নম্বর খুঁটিতে এটি বসানো হয়েছে। যদিও পরে এটি ৬ ও ৭ নম্বর খুঁটিতে সরিয়ে আনা হবে। ৬ ও ৭ নম্বর খুঁটিতে এখন পাইল বসানোর কাজ চলছে।
দুপুর ১২টার দিকে লৌহজং উপজেলার মাওয়া প্রান্ত থেকে ৩৬শ’ মেট্রিকটন ওজন ক্ষমতার ভাসমান জাহাজ তিয়ান-ই নতুন এই স্প্যানটি নিয়ে জাজিরা প্রান্তের ৩৫-৩৪ নম্বর খুঁটির কাছে পৌছে বলে পদ্মা সেতুর দায়িত্বশীল নির্বাহী প্রকৌশলীরা জানিয়েছেন।
পদ্মা সেতুতে এ পর্যন্ত ২১১টি পাইল বসে গেছে। আরও ৫১টি পাইল বাকি আসে। দুই তীরের দুটি খুঁটি বাদে পদ্মায় ৪০টি খুঁটিতে পাইল বসবে মোট ২৬২টি। এছাড়া দুই তীরে ১৬টি করে দুই খুঁটির ৩২টি পাইল আগেই বসে গেছে।
৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতু ৪২টি খুঁটির উপর নির্মিত হবে। এর মধ্যে মাওয়া প্রান্তে ২১টি ও জাজিরা প্রান্তে ২১টি। আর ৪২টি খুঁটির ওপর বসবে ৪১টি স্প্যান। এর মধ্যে ৪০টি খুঁটি থাকবে পানিতে আর ডাঙায় থাকবে দুটি খুঁটি।
ডাঙায় থাকা দুটি খুঁটি সংযোগ সড়কের সঙ্গে মূল সেতুকে যুক্ত করবে। পদ্মা সেতুর পুরোটাই নির্মিত হবে স্টিল ও কংক্রিট স্ট্রাকচারে। সেতুর ওপরে থাকবে কংক্রিটিং ঢালাইয়ের চার লেনের মহাসড়ক আর তার নিচ দিয়ে যাবে রেললাইন।
এএস





