আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কাউন্সিলের দুই সপ্তাহ আগে বিএনপি'র দুই শীর্ষ নেতা নির্বাচিত হওয়া অগণতান্ত্রিক।

তিনি বলেন, রাজনৈতিক দলের নেতৃত্ব নির্বাচিত হয় কাউন্সিলের মাধ্যমে। বিএনপি সম্মেলনের আগেই চোরাপথে এবং অগণতান্ত্রিক উপায়ে দলের চেয়ারপার্সন এবং ভাইস-চেয়ারপার্সন নির্বাচিত করেছে, এটা অগণতান্ত্রিক।

হাছান মাহমুদ আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘যুদ্ধাপরাধী মীর কাসেম আলীসহ সকল যুদ্ধাপরাধীর শাস্তি কার্যকর- দেশবাসী দেখতে চায়’ শীর্ষক মানবন্ধন ও সমাবেশে এ কথা বলেন।

সংগঠনের নেতা জাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক এ্যাডভোকেট বলরাম পোদ্দার ও এম এ করিম প্রমুখ বক্তব্য রাখেন।

হাছান মাহমুদ বলেন, সকল রাজনৈতিক দলের নেতৃত্ব নির্বাচিত হয় কাউন্সিলের মাধ্যমে। কিন্তু বিএনপির ক্ষেত্রে হয়েছে তার উল্টো। আসলে কাউন্সিলে বেগম জিয়া ও তারেক রহমান তৃণমূলের বিক্ষোভের মুখে পরতে পারে এ ভয় থেকেই তড়িঘড়ি করে খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচিত করা হয়েছে।

বিএনপি-জামায়াত একই বৃত্তে দুটি ফুল উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি-জামায়াত একই সাথে রাজনীতি করছে শুধু তা-ই নয়, যারা পাকিস্তানের পতাকার জন্য যুদ্ধ করেছিল, বেগম খালেদা জিয়া তাদের মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে আমাদের দেশের পতাকা তুলে দিয়েছিলেন। সুতরাং যুদ্ধাপরাধীদের সহযোগীরাও অপরাধী। অতএব তাদের সহযোগীদেরও বিচার হওয়া উচিত।

 

এআইজে