কক্সবাজার-টেকনাফ সড়ক যোগাযোগ গত ২ দিন ধরে বন্ধ থাকায় যাত্রীদের অসহনীয় দূর্ভোগ পোহাতে হচ্ছে। উখিয়ার বিভিন্ন স্থানে আটকা পড়েছে বাণিজ্য চুক্তির মালামাল বোঝাই গাড়ী ও যাত্রীবাহী যানবাহন।
গত রবিবার রাতে ভারী বর্ষণে সাদকাটা এলাকায় নির্মাণাধীন ব্রিজের পার্শ্ব দিয়ে দায়সারাভাবে তৈরি করা ডাইভারশন সড়ক পানির তোড়ে ভেঙ্গে গেলে কক্সবাজার-টেকনাফ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সোমবারের মধ্যে উক্ত সড়ক সংস্কারপূর্বক যোগাযোগ সচল করে দেওয়ার জন্য প্রশাসনের নির্দেশ থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদারের খামখেয়ালীপনার কারণে বুধবার পর্যন্ত সড়কটি সচল হয়নি।
উখিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. মাহফুজুর রহমান জানান, মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনকালে সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী ওই দিন দুপুরের মধ্যে সড়ক যোগাযোগ সচল করে দেওয়ার আশ্বস্থ করেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরে-ই আলম জানান, ভেঙ্গে যাওয়া ডাইভারশন সড়ক মেরামতের কাজ চলছে।
ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





