নীলফামারীর ডোমার উপজেলার রেলঘুমটি সড়ক থেকে বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দু’টি ম্যাগজিনসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৩) নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (১৭ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পিস্তলসহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের বারোবিসা গ্রামের নুর ইসলাম (৩৫) ও তার স্ত্রী রোকেয়া বেগম (২৫)।

র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২’র ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসানের নেতৃত্বে রেলঘুমটি সড়ক থেকে নুর ইসলাম ও তার স্ত্রীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আমেরিকায় তৈরি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দু’টি ম্যাগজিন ও দু’টি মোবাইল উদ্ধার করা হয়।

ক্যাম্প কমান্ডার মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় ক্যাম্পের উপ-সহকারী পরিচালক সারওয়ার হোসেন বাদী হয়ে ডোমার থানায় মামলা করে অস্ত্রসহ আটকদের থানায় হস্তান্তর করেন।

এমআর