বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা শুল্কসুবিধা নিয়ে যে ষ্টেটমেন্ট দিয়েছেন তা ফলস! ফলস!! ফলস!!!
বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তেনে বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস এসোসিয়েশনের (বিআইএএ) আইএসও সনদপ্রাপ্তি বিষয়ে অবহিতকরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, তিন তিনবার ফলস বললাম এজন্য যে, মজিনা গতকাল আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করে তিনবার জিরো জিরো জিরো বলেছেন। তিনি বলেছেন আমরা কোন শুল্ক দিই না। তিনি জিরো বানান করেও শুনিয়েছেন।
বানিজ্য মন্ত্রী বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা শুল্কসুবিধা নিয়ে যে ষ্টেটমেন্ট দিয়েছে তা সঠিক নয়। আমরা শুল্ক দিই। আমরা তাদের কাছ থেকে কোন শুল্কমুক্ত সুবিধা পাই না।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র জিএসপি ফিরিয়ে দিতে ১৬টি শর্ত দিয়েছিল যা আমরা ইতোমধ্যে পূরণ করেছি। গত ১৫ এপ্রিল ১৬ শর্ত পূরণ বিষয়ক ইউএসটিআইয়ে পাঠিয়েছে। তারপরও মার্কিন রাষ্টদূত কেমন করে বলেন আমরা কোন ডিউটি দিই না।
বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস এসোসিয়েশনের প্রেসিডেন্ট কে এম এইচ শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন খান, ঢাকা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান খান ও এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড্যান ডব্লিউ মজীনা ওই মন্তব্য করেন।
জেএ/জেআই





