ভ্যান চড়ে স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় এক স্কুলছাত্রী ও ভ্যানচালক নিহত হয়েছে। আহত হয়েছে দুই স্কুলছাত্রী। আজ বৃহস্পতিবার সকালে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের নাভারণ খাজুরা নিহা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রীর নাম সামীয়া ইসলাম (১৩)। সে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কাঠুরিয়া গ্রামের সামিউল ইসলামের মেয়ে ও নাভারন বুরুজবাগান গার্লস স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। নিহত ভ্যানচালক আবু হানিফ (৪৫) একই গ্রামের নছুর উদ্দিনের ছেলে।

নাভারন হাইওয়ে পুলিশের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) টিটু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নাভারন বুরুজবাগান গার্লস স্কুলের তিন ছাত্রী পরীক্ষার অ্যাসাইমেন্টের খাতা জমা দিতে ভ্যানে করে স্কুলে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলই মারা যায় স্কুলছাত্রী সামীয়া।

আহত ভ্যানচালাক আবু হানিফকে যশোর জেনারেল হাসাপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তিনি মারা যান। আহত দুই স্কুলছাত্রীকে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপপরিদর্শক টিটু মিয়া আরো জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসাপাতালে মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় শার্শা থানায় একটি  মামলা হয়েছে।

এমআর