গাইবান্ধার সুন্দরগঞ্জে পিকআপভ্যান চাপায় সিফাত আকন্দ (৭) নামে একটি শিশু নিহত হয়েছে।

রোববার (১৭ জুলাই) দুপুরে উপজেলার নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিফাত উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের রাজীবপুর গ্রামের মোরশেদুল ইসলামের ছেলে। সে ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাইল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুরে স্কুল ছুটির পর পায়ে হেঁটে বাড়ি ফিরছিল সিফাত। নতুন বাজার এলাকায় পৌঁছার পর আম বহনকারী একটি পিকআপভ্যান (ঢাকা-ন-১১-১৩৯৭) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সিফাত।

তিনি আরও জানান, স্থানীয়দের সহায়তায় পিকআপভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ওএফ