রাজশাহী মহানগরীতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে মহানগরীর গণকপাড়া তুলাপট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তুলার গুদাম হওয়ায় সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ডাম্পিংয়ের কাজ করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, আশপাশের অন্য তুলার গুদামে ছড়িয়ে পড়ার আগে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে তাদের প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। তবে তুলার নিচে আগুন থাকতে পারে এমন আশঙ্কায় গুদাম থেকে সব তুলা বের করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ডাম্পিংয়ের কাজ করেন বলেও জানান আবদুর রউফ।
রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, বৈদ্যুতিক শট সার্কিট হয়ে মহানগরীর গণকপাড়া তুলাপট্টির ‘শামীম বেড হাউস’ নামের ওই তুলার দোকানের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শামীম বেড হাউস লেপ, তোষক, গদি ও বালিশ তৈরির কাজ করে। দোকানের পাশেই এর গুদাম।
এমবি





