ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, বুয়েটের অ্যাসেসমেন্ট বা ছাড়পত্র ছাড়া এফআর ভবন ব্যবহারের অনুমতি দেয়া হবে না।
আজ শুক্রবার দুপুর সোয়া ১২টায় বনানীতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া এ ভবনের সামনে এসে তিনি এই ঘোষণা দেন।
আসাদুজ্জামান মিয়া বলেন, ভবনের মালিককে আমরা শনাক্ত করতে পেরেছি। এ ঘটনার সঙ্গে আরও লোকের দায়িত্ব অবহেলা থাকতে পারে। বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনের যথাযথ ধারায় মামলা করা হবে।
তিনি আরো বলেন, ‘ভবনটি ব্যবহারের উপযুক্ত কিনা সেটিও পরীক্ষা করে দেখতে হবে। কেননা আমাদের কারণে যেন আর কোনো দুর্ঘটনা না ঘটে। এর পরে যদি এই ভবনে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমরা অর্থাৎ রাষ্ট্র এর দায় এড়াতে পারব না।’
ডিএমপি কমিশনার আরো বলেন, ‘আজকের মধ্যেই এখানে কাজের সমন্বয়ের জন্য অফিস স্থাপন করা হবে। সিটি উত্তর, রাজউক, ডিএমপি ও ফায়ার সার্ভিসের কাজ সমন্বিতভাবে করা হবে।’
অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ২৫ জন
এএস





