ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইয়াছিন নামে এক খেলোয়াড় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩ জন। শুক্রবার বিকালে আশুলিয়ার পলাশ বাড়ি এলাকার আমার স্কুল মাঠে এই সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে আশুলিয়ার পলাশবাড়ীতে আমার স্কুল মাঠে দুই দলের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার এক পর্যায় এল.বি.ডাব্লিউ (লেগ বিফোর উইকেট) আউট হওয়ার সিদ্ধান্ত নিয়ে উভয় দলে মধ্যে বাক-বিতন্ডা এবং হাতা-হাতির ঘটনার ঘটে।
একপর্যায়ে স্থানীয় বাতনটেক দলের ইয়াছিন নামে এক খেলোয়াড়কে ষ্ট্যাম্প ও ইট দিয়ে আঘাত করে প্রতিপক্ষের খেলোয়াড়রা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার হিরন গ্রামে। সে পুরাতন ইপিজেডের ম্যাইনটি পোশাক কারখানায় কাজ করত বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন মন্তব্য করতে রাজি হয়নি। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেওজানান তিনি।
জেএ





