সাভারের ধামরাই উপজেলার কালামপুর বাজারে গরু ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে আবুল কালাম (৩৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন গরু ব্যবসায়ীসহ দুইটি ট্রাকভর্তি গরু আটক করেছে ধামরাই থানা পুলিশ। নিহত আবুল কালাম ধামরাই উপজেলার বাটুলিয়া গ্রামের আব্দুল মুন্নাফ আলীর ছেলে। আটকরা হলেন-মো. চাঁন আলী (৭১), মো. আপেল (৫০), সোনামুদ্দিন (৭৫)।
একটি গরু দামাদামি করার সময় এক হাজার টাকা নিয়ে অপর তিন গরু ব্যবসায়ীর সঙ্গে নিহতের ছোট ভাই জসিমের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আবুল কালাম সংঘর্ষ ফেরাতে গেলে তাকেও মারধর করে গরু ব্যবসায়ীরা। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন রায় আরটিভি অনলাইনকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন গরু ব্যবসায়ী ও ১০-১২টি গরুসহ দুইটি ট্রাক আটক করে। আবুল কালামের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই ভজন রায়।
জেড





