ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটু‌রিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি’সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

নৌপথ কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে আজ (শুক্রবার) ভোর ‌৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় যাত্রী ও যানবাহনবোঝাই ৪টি ফেরি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়।

আর পারাপারের অপেক্ষায় উভয় পাড়ের ঘাট এলাকায় বাস-ট্রাক’সহ বিভিন্ন ধরনের ৬ শতাধিক যানবাহন আটকে পড়েছে। এই তীব্র শীতে যাত্রী ও যানবাহন শ্রমিক’সহ সংশ্লিষ্টরা তীব্র ভোগান্তিতে পড়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের এজিএম না‌ছির মোহাম্মদ চৌধুরী জানান, যাত্রী ও যানবাহন নিয়ে পারাপারের সময় ঘন কুয়াশায় নৌপথ দেখতে না পেয়ে ৪ টি ফেরি মাঝ নদীতে নোঙর করে। এর পরপরই দুর্ঘটনা এড়াতে অন্য ফেরিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

পাটুরিয়া ঘাটে ১০টি ও দৌলতদিয়া ঘাটে ২টি ফেরি পন্টুন এবং এর আশপাশে বেঁধে রাখা হয়েছে। কুয়াশার তীব্রতা কেটে গেলে অগ্রাধিকার ভিত্তিতে আটকে পড়া সব যানবাহন পারাপার করা হবে বলেও জানান নাছির মোহাম্মদ চৌধুরী।

এমবি