কুষ্টিয়ায় পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্য‌ক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ পুলিশ সদস্য।

শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রা‌ত ১টার দি‌কে সদর উপজেলার হরলা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে দু’দল মাদকব্যবসায়ী ও পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়।

এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৩৮০ পিস ইয়াবা উদ্ধার ক‌রা হয়। নিহত ব্যাক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে পুলিশের দাবি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) নাসির উদ্দিন জানান, রাতে পুলিশের কাছে খবর আসে কুষ্টিয়া সদর উপজেলার হরলা এলাকায় দু’দল মাদকব্যবসায়‌ীর ম‌ধ্যে বন্দুকযুদ্ধ চলছে। এমন খবরে পুলিশের এক‌টি দল ঘটনাস্থলে পৌঁছালে মাদকব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

প্রায় আধাঘণ্টা চলা বন্দুকযু‌দ্ধে মাদকব্যবসায়ীরা পিছু হটতে বাধ্য হয়। এ সময় ঘটনাস্থল থে‌কে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভ‌র্তি কর‌া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, এ বছরের প্রথম ছয় মাসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ২০৪ জন নিহত হয়েছেন বলে মানবাধিকার সংস্থা-আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক প্রতিবেদনে উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, বন্দুকযুদ্ধে নিহতদের মধ্যে র‌্যাবের সঙ্গে ৫৯ জন, পুলিশের সঙ্গে ৯২ জন, ডিবির সঙ্গে ১২ জন, যৌথবাহিনীর সঙ্গে একজন, কোস্টগার্ডের সঙ্গে একজন ও বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ২৮ জন নিহত হন। এছাড়া পুলিশের নির্যাতনে দু’জন ও গুলিতে দু’জন, বিজিবির গুলিতে তিন জন, পুলিশি হেফাজতে আত্মহত্যা করেছেন একজন এবং দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ও র‌্যাব হেফাজতে অসুস্থ হয়ে একজনের মৃত্যু হয়েছে।

জেড