ময়মনসিংহের গফরগাঁওয়ে পৃথক স্থান থেকে ট্রেনে কাটা দুই জনের লাশ উদ্ধার হয়েছে।
নিহত দুই জনের মধ্যে একজন উপজেলার ষোলহাসিয়া গ্রামের শাহজাহানের ছেলে অটোরিকশাচালক ফারুক (৩৫)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। অপর ব্যক্তির বয়স আনুমানিক ২৮ বছর।
শুক্রবার (২২ অক্টোবর) সকালে উপজেলার রৌহা গ্রামের মীর বাজার এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৯) লাশ উদ্ধার করে জিআরপি পুলিশ। সকালে রৌহামীর বাজার থেকে রৌহা কারিগরী কলেজের সামনে পর্যন্ত ২০০ মিটার এলাকা জুড়ে রেললাইনের ওপর ট্রেনে কাটা পড়া এক ব্যক্তির লাশের বিভিন্ন অংশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে জিআরপি পুলিশকে খবর দেওয়া হলে লাশের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।
গফরগাঁওয়ে রেলওয়ে (জিআরপি) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহাদাত হোসেন বলেন, রাতের কোনও এক সময় এই লাইনে চলাচলকারী ট্রেন থেকে কিংবা ট্রেনের জোড়ায় বসে ভ্রমণ করার সময় সেখান থেকে পড়ে গিয়ে এই ব্যক্তি দুর্ঘটনার শিকার হতে পারেন। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহাদাত হোসেন বলেন, রেল লাইনের পাশ থেকে অটোচালক ফারুকের লাশ উদ্ধার করা হয়। পরে নিহত পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই ফারুকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।





