রাজধানীর ওয়ারীতে দুর্বৃত্তদের গুলিতে ৩ যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১১ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে দক্ষিণ মুসুন্দি এলাকায় এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন ওয়ারী থানার ৪১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. জুয়েল (৩৫), ওয়ার্ডের ৩ নং ইউনিট যুবলীগের সভাপতি রবিন (৩০) ও ওয়ার্ড যুবলীগের সদস্য কাজল ইসলাম (৩৫)। গুলিবিদ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কাজল ইসলাম জানান, রাতে তারা ৮/৯ জন মিলে দক্ষিণ মুসুন্দি বনফুল হোটেলের সামনে একটি কসাইয়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ ৪/৫ জন মুখোশধারী যুবক তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে মুহূর্তের মধ্যেই দৌঁড়ে পালিয়ে যায়। দুর্বৃত্তদের চিনতে পারেননি বলেও জানান আহত যুবলীগ কর্মী কাজল।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, আহত ৩ জন পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া বলেন, রাত ৯টার দিকে দক্ষিণ মুসন্দির একটি মাংসের দোকানে স্থানীয় যুবলীগের কয়েকজন নেতাকর্মী বসে ছিলেন। তখন ৫-৬ জন মুখোশধারী যুবক সেখানে এসে তিনজনের পায়ে গুলি করে দ্রুত চলে যায়।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে- এই যুবলীগ নেতারাসহ বেশ কয়েকজন সেখানে এলাকার কোনো একটি বিষয় নিয়ে দুপক্ষের সঙ্গে সালিশ বৈঠক করেন। কোনো পক্ষই সালিশের সিদ্ধান্ত না মানায় তা বাতিল হয়ে যায়। দুই পক্ষ চলে যাওয়ার পর যুবলীগের এই নেতাকর্মীরা সেখানে আড্ডা দিচ্ছিলেন। তখন গুলির ঘটনা ঘটে।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ঘটনার পর সিসি ক্যামেরার ধারণ করা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা যায়, যারা এসেছিল তাদের প্রত্যেকে ‘মাংকি ক্যাপ’ পরা ছিল। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
জেড





