ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে মো. জুবায়ের (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে উপজেলা সদরের শরীয়তনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুবায়ের আশুগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। এ ঘটনায় মকবুল হোসেন (৪৫) ও তার স্ত্রী রেখা বেগম (৪০) এবং তাদের আরেক ছেলে হৃদয় (১৪) দগ্ধ হয়েছেন। তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে শরীয়তনগর এলাকায় স্থানীয় মোহাম্মদ আলাই মিয়ার ৫ তলা বিশিষ্ট বাড়ির নিচতলার একটি বাসায় আগুন লাগে। ওই বাসাটিতে মকবুল হোসেন তার স্ত্রী ও ২ সন্তান নিয়ে ভাড়া থাকতেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় দগ্ধ হয়ে শিশু জুবায়েরের মৃত্যু হয়। এ ছাড়া আগুনে দগ্ধ হয়েছেন মকবুল হোসেন, তার স্ত্রী ও আরেক ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, অগ্নিদগ্ধ হয়ে জুবায়ের ঘটনাস্থলেই মারা গেছেন। বাকি দগ্ধদের হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এবিএস





