নড়াইলের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক ছাত্রীর চোয়ালে ব্লেড দিয়ে কেটে দিয়েছে অংকজ ঠাকুর (২০) নামে এক বখাটে। এতে মেয়েটির গালের ডান চোয়ালে মারাত্মক জখম হয়েছে।

শুক্রবার আহত মেয়েটির বাবা মহাজন গ্রামের তাপস বিশ্বাস বাদী হয়ে নড়াগাতি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

১ফেব্রুয়ারি নড়াইলের নড়াগাতি থানার মহাজন গ্রামে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে নড়াইলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আক্রমণের শিকার মেয়েটি নড়াইলের বড়দিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্রী।

শ্রীদেবী বিশ্বাসের পরিবারের সদস্যরা জানান, একই গ্রামের কুটিশ্বর ঠাকুরের ছেলে অংকজ ঠাকুর দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে মেয়েটিকে উত্ত্যক্ত করতো এবং কুপ্রস্তাব দিত। ঘটনার দিন দিবাগত রাত বেলা ১২টার দিকে বাথরুম করতে বের হলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা বখাটে অংকজ ঠাকুরসহ তার সহযোগীরা তাকে অপহরণের চেষ্টা চালায়। এতে সে বাধা দেয়। তখন অংকজ ব্লেড দিয়ে মেয়েটির ডান চোয়ালে টান দেয়। মেয়েটির চিৎকারে বাড়িসহ আশপাশের লোকজন এসে অংকজ ঠাকুরকে হাতেনাতে ধরে ফেলে। এরপর ওই বখাটের কাকা মাউলী ইউপি সদস্য সুজল ঠাকুরসহ স্থানীয় প্রভাবশালীরা তাকে ছাড়িয়ে নিয়ে যান।

নড়াইলের নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান,‘ওই ঘটনায় এখনো পুলিশের কাছে লিখিতভাবে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বখাটেদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

এমই