প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সরকার-ঘোষিত ছুটির দিনে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে মন্ত্রণালয় এবং অধীনস্থ সংস্থার কর্মকর্তাদের কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয় থেকে পাঠানো একটি ভিডিও বার্তায় তিনি গণমাধ্যমকে বলেন, “যে কোনো জরুরি পরিস্থিতিতে আমাদের জনগণের পাশে দাঁড়াতে হবে এবং বিশেষত হাসপাতালগুলোতে আমাদের সেবা দিয়ে যেতে হবে।”

এরইমধ্যে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে এবং লকডাউন জারি করা হলে কীভাবে কাজ করতে হবে এবং পরিচালনা করতে হবে সে বিষয়ে কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরে দেশের পরিস্থিতি আঁচ করে তাঁর মন্ত্রণালয় কাজ করছে। দেশের জনগণের যাতে কোনো পরিস্থিতিতেই বিদ্যুত, গ্যাস ও এলপিজির মতো জরুরি পরিষেবাগুলো পেতে কোনো সমস্যায় না পড়তে হয় সে জন্য এগুলোর সরবরাহ অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।

নসরুল হামিদ বলেন, “কারখানা উৎপাদন ও পরিবহন কার্যক্রম বন্ধ রাখায় বিদ্যুৎ ও পেট্রোলিয়ামের চাহিদা যথেষ্ট পরিমাণে হ্রাস পেয়েছে এবং সেজন্য সরকারকে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।”

এমবি