রাজধানীতে অভিযান চালিয়ে ইসলামিক স্টেট (আইএস) এর দুইজন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদের মূলত টার্গেট হচ্ছে বাংলাদেশে আইএসের খেলাফাত প্রতিষ্ঠা করা। এই কর্মকান্ড বাংলাদেশে প্রতিষ্ঠা করতে তারা যে কাউকেই হত্যার টার্গেট করতে পারে।

সোমবার বেলা ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে ডিএমপি যুগ্ম কমিশনার(ডিবি) মনিরুল ইসলাম এ কথা বলেন।

গ্রেফতারকৃতরা হলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি এর আঞ্চলিক সমন্বয়ক আমিনুল ইসলাম বেগ এবং সাকিব বিন কামাল। রোববার উত্তরা ১৪নম্বর সেক্টর এলাকা থেকে মোহাম্মদপুর লালমাটিয়া এলাকা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মনিরুল ইসলাম বলেন, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি ল্যাপটপ, একটি চার্জার, তিনটি মোবাইল সেট, বিভিন্ন লেখকের সাতটি ইসলামী জিহাদী বই ও ডায়েরী উদ্ধার করা হয়।

তিনি বলেন, আমিনুল ইসলাম বেগ আইএস এর আঞ্চলিক সমন্বয়ক হিসেবে কাজ করছিল। সে মালয়েশিয়া থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ডিগ্রি নিয়ে দেশে এসে একটি মাল্টিন্যাশনাল কোম্পানীর আইটি বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিল। বাংলাদেশ থেকে সচ্ছল পরিবারের তরুণ যুবকদের আইএস এ যুক্ত করার টার্গেট নিয়ে সে কাজ করে। এলক্ষে সে ইতিমধ্যে ২০জন তরুণকে সংগ্রহ করেছে।

যুগ্ম কমিশনার বলেন, আইএস এর কর্মকান্ড বাংলাদেশে প্রতিষ্ঠা করতে তারা যে কাউকেই হত্যার টার্গেট করে। তবে তাদের বেশিরভাগ ক্ষেত্রে তারা বিশিষ্ট ব্যক্তিবর্গদের টার্গেট করে। আমিনুল অনলাইনে তাদের বই পড়ে তাদের সঙ্গে যোগাযোগ করে আইএস এর সঙ্গে যুক্ত হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্লগার হত্যার সঙ্গে তাদের কোন সম্পৃক্ততা আছে কিনা সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আটকের পর তাদের উত্তরা পশ্চিম মডেল থানায় মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে।

এমআর/ইআর