রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, উচ্চশিক্ষা শেষে যাতে কর্মসংস্থান হয় সেদিকে লক্ষ্য রেখেই বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা কার্যক্রম সাজাতে হবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাত সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সোমবার (২৯ মে) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা দেন। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
এ বিষয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, সাক্ষাতে ইউজিসি চেয়ারম্যান শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে এবং আগামীতে যাতে গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় সে ব্যাপারে নানা পদক্ষেপ তুলে ধরেন।
এ সময় রাষ্ট্রপতি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দিতে হবে।
রাষ্ট্রপতি স্থানীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়ন করতে বলেন ইউজিসিকে।
দ্বিতীয় মেয়াদে ইউজিসি চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় প্রফেসর ড. কাজী শহীদুল্লাহকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত সমাবর্তন সম্পন্ন করা দরকার।
সাক্ষাতকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
এবিএস





