মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মৌলভীবাজার সদর ও রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আছকির খান সমাজকল্যাণ মন্ত্রীর পক্ষে মিছিল বের করেন। এসময় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই গ্রুপের কর্মীরা ওই মিছিলে হামলা চালান। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল ও শটগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হন।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মো. তোফায়েল আহমদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





