গাজীপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে শ্রাবণ (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার দিবাগত রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা চান্দরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রাবণ ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, রাতে ব্যাডমিন্টন খেলার প্রস্তুতি নিচ্ছিল শ্রাবণ। এ সময় শ্রাবণ বিদ্যুৎ সংযোগ দিতে গেলে এলাকার তপু, নাহিদ, জাহিদ ও সলিমুল্লাহর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

পরে আরও কয়েকজনকে সঙ্গে এনে তারা শ্রাবণের ওপর হামলা চালায়। এ সময় গুরুতর আহত হলে শ্রাবণকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন থেকে রাত ৯টার দিকে শ্রাবণের মৃত্যু হয়। নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সলিমুল্লাহ নামে একজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এ কর্মকর্তা।

জেড