নড়াইলের লোহাগড়া পৌর এলাকার রাজুপুরে প্রতিপক্ষের হামলায় দু’জন আহত হয়েছেন। এ সময় চারটি বাড়ি ও দু’টি মুদি দোকান ভাঙচুর করা হয়।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল ১১টায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- পান্নু শেখ (৩৩) ও মিরা খানম (১৪)। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজুপুরের দক্ষিণপাড়ার ইবাদত মোল্যার সঙ্গে একই পাড়ার মফিজ শেখের বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকাল ১১টার দিকে ইবাদত মোল্যার লোকজন প্রতিপক্ষ মফিজ শেখের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় পান্নু শেখকে কুপিয়ে ও নবম শ্রেণীর ছাত্রী মিরা খানমকে পিটিয়ে আহত করা হয়।

এ ঘটনায় রাজুপুরের ফারুক শেখ, বাসার শেখ, হারুন শেখ ও বারিক শেখের বাড়িঘর এবং ইজাজুল ও ফারুকের মুদি দোকান ভাঙচুর করে প্রতিপক্ষরা।

লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কেএইচ