গত চার বছর ধরে সরকারি আশ্বাস আর চিঠি চালাচালিতে থমকে আছে ইসলামী ফাউন্ডেশনের মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের অধীনে লাইব্রেরিয়ান ও খাদেমদের চাকরি স্থায়ীকরণ ও নিয়মিত বেতন।

চাকরি স্থায়ীকরণ ও বেতন নিয়মিত করণের দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নওগাঁর ১১টি উপজেলা থেকে লাইব্রেরিয়ান ও খাদেমরা নওগাঁ সদরে এসে মানববন্ধন করেন।

এসময় বক্তব্য রাখেন মো: আশরাফুল ইসলাম, গোলাম সারোয়ার, মো: মোকলেছুর রহমান ও মো: রবিউল ইসলাম।

শহরের মুক্তির মোড়ে এ মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গত ৪ বছর ধরে শুধু আশ্বাস আর পত্র চালাচালি হয়েছে। কাজের কাজ কিছু হচ্ছে না। লাইব্রেরিয়ান ও খাদেমদেরকে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।

বক্তারা অবিলম্বে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পরে তারা নওগাঁ জেলা প্রশাসক এনামুল হকের কাছে একটি স্মারকলিপি দেন।

জেআই