সাতক্ষীরায় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ মিন্টু সরদার (৩৩) ডাকাত নন, ফেনসিডিল ব্যবসায়ী।

শনিবার (০৩ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই দাবি করা হয়েছে।

যদিও সকাল ৭টার দিকে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান দাবি করেছিলেন, রাতে ডাকাতির সংবাদ পেয়ে কপোতাক্ষ ক্লিনিকের পেছনে অভিযান চালায় পুলিশ। এসময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ পূর্বক পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাতরা।

এসময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি করলে মিন্টু মিস্ত্রি ডান পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তাকে আটক করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত মিন্টু নিজে ফেনসিডিল ব্যবসার কথা স্বীকার করে বলেন, রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে পলাশপোলস্থ শ্বশুর বাড়ি থেকে ৪৫ বোতল ফেনসিডিলসহ আটক করে এবং ভোরে কপোতাক্ষ ক্লিনিকের পেছনে নিয়ে পায়ে গুলি করে।

তবে জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, শহরের কপোতাক্ষ ক্লিনিকের পেছনে ফেনসিডিল ক্রয়-বিক্রয়কালে পুলিশের সঙ্গে সংঘর্ষে মিন্টু গুলিবিদ্ধ হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ইআর